রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খুলনা–সাতক্ষীরা মহাসড়কের নিজ খামার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ওই নারীর নাম সুরাইয়া পারভীন সুমি। তিনি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় নেওয়া হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নিজ খামার এলাকায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানের সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিজ খামার এলাকায় পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পরে তাকে আটক করে লবণচরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিজ খামার এলাকায় যৌথ টহলের সময় প্রথমে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আরেক নারীর কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

