স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের মেঠো পথের সৌন্দর্য বাড়াচ্ছে চোখজুড়ানো ভাঁট ফুল। রাস্তার ধারে অযত্নে,অনাদরে ও অবহেলায় বেড়ে ওঠা গ্রামবাংলার চিরপরিচিত গুল্মজাতীয় বুনো উদ্ভিদ ভাঁট। নড়াইলের বিভিন্ন রাস্তার দু’পাশে আঁকাবাঁকা গ্রামীণ পথে,আনাচে-কানাচে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ফোটা সাদা ভাঁট ফুর দেখলে চোখজুড়িয়ে যায়।
অঞ্চল ভেদে ভাঁট ফুল কে ভাইটা ফুল, ঘেটু ফুল, ভাত ফুল,বনজুঁই ফুল,ঘণ্টাকর্ণ বলা হলেও নড়াইলে এটি ভাঁট ফুল নামে বেশি পরিচিত। চৈত্র মাসে এই ফুল ফোটে বলে একে চৈতের ফুলও বলা হয়।
শুক্রবার(৬মার্চ)বিকালে দেখা গেছে,বাঁশগ্রাম ইউনিয়নের চাঁদপুর-বগুড়া বিলের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও কালিয়া-নড়াইল প্রধান সড়কের দুই পাশে ভাঁট ফুলের সমারোহ দেখলে মনে হবে প্রকৃতি যেন অপরূপ সাজে সেজেছে। এ ছাড়া জেলার সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা চার পাশের বাগান গুলোতে ভাঁট ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। চলাচলকারী লোকজন কিংবা বেড়াতে আসা দর্শনার্থীরাও তা দেখে মুগ্ধ হন।
বসন্তের আগমনে পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে ভাঁট ফুল ফোটে। এই ফুল ফাল্গুন ও চৈত্র মাসে দেখা যায়। বিশেষ করে পরিত্যক্ত মাঠ,রাস্তা কিংবা জলাশয়ের পাশে ভাঁট ফুলের গাছ চোখে পড়ে। এর বৈজ্ঞানিক নাম,ক্লেরোডেনড্রাম ভিসকোসাম। ইংরেজি নাম হিল গেন্টারি বোয়ার ফ্লাওয়ার। জানা গেছে,ভাঁট ফুলের আদি নিবাস ভারত, বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলে। ভাঁট ফুলের ঘ্রাণও ভীষণ মিষ্টি।
সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয় ভাঁট ফুলের গাছ। পাতা ২ থেকে ৫ ইঞ্চি লম্বা হয়। দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদন্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ রয়েছে। বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত এ ফুল ফোটে। এই ফুলে রয়েছে মিষ্টি সৌরভ। রাতে বেশ সুঘ্রাণ ছড়ায় এই ফুল। ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান বলেন,‘ভাঁট ফুল বা ঘেটু গুল্মজাতীয় দেশি বুনো পুষ্পক উদ্ভিদ। মানব দেহের জন্য এই গাছের অনেক ঔষধি গুণাগুণও রয়েছে।’
লোহাগড়া সরকারি কলেজের কৃষি বিভাগের সাবেক অধ্যাপক ওবায়দুর রহমান সেন্টু বলেন,‘ভাঁট ফুল শুধু সৌন্দর্য গুণেই নয়,বিশেষ করে চর্ম রোগীরা ভাঁট ফুলের রস দিনে দুইবার ক্ষত স্থানে মালিশ করলে যে কোনো চর্ম রোগ দ্রুত সেরে যায়। তবে ভাঁটের পাতার রস কৃমি প্রতিরোধেও দারুণ উপকারী।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.