জামালপুর প্রতিনিধি
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) শহরের দেওয়ানপাড়া এলাকায় ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে এবং ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পাঠাগারের মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহির খালেক-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ.এ.কে মাহমুদুল হাসান দারা। এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়। নতুন প্রজন্মকে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ভাষা চর্চা ও বিকাশে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতার বিচারক ছিলেন বাচিক শিল্পী দেবজ্যোতি সেন শর্মা, লিটন কাদরি ও সাগর মুখার্জি। রচনা প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন ইমরান আহমেদ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.