নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারের উদ্দেশ্যে টহল দিচ্ছিল। এ সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়, তবে তাদের এক সহযোগী পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে ফরহাদ ইসলাম ফাহিমের প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুইজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

