মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইন্দ্রজিৎ সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহা সেমাই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুর পোশাক খোলার চেষ্টা করার সময় ঘটনাস্থলে শিশুটির মামা উপস্থিত হন। এ সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায়। সেখানে তার বিরুদ্ধে পূর্বেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের বিতাড়িত করার পর তিনি কাওয়ালীপাড়া গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও ভুক্তভোগীর বাড়িতে উপস্থিত হন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। ওসি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তদন্ত চলমান।
সুব্রত/রাকিব

