আমিনুল ইসলাম (রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর ধোপাপাড়া বাজার এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক মাদক বিক্রেতাসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন মাদক বিক্রেতা—যিনি অনলাইন জুয়ায় আসক্ত বলেও জানা গেছে—এবং দুইজন মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সজীবুল ইসলাম, সানাউল হক ও জনি ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান,, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এসব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আরও জোরদারভাবে চলমান থাকবে।

