Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ পারভীনের বিরুদ্ধে নির্বাচনী ডিউটি প্রদানের নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ইউনিয়ন দলনেত্রী সাধনা রানী দাশ। সম্প্রতি তিনি নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী সাধনা রানী দাশ জানান, ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার পাভেল গাজী ও কালিয়া উপজেলা ভিডিপি কার্যালয়ের কম্পিউটার অপারেটর বুলুর যোগসাজশে নির্বাচনী ডিউটি দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৩১ হাজার ২০০ টাকা গ্রহণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ পারভীন।

অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন ডিউটির জন্য ৪০ জনের নাম রেজিস্ট্রেশন এন্ট্রি আবেদনের বাবদ ২ হাজার ২০০ টাকা, ভিডিপি প্রশিক্ষণ সনদবিহীন ১০ জনকে ডিউটি দেওয়ার আশ্বাসে ৮ হাজার টাকা, আরও ১০ জনকে ডিউটি দেওয়ার আশ্বাসে ১৩ হাজার টাকা এবং আবেদন না করা ৬ জনকে ডিউটি দেওয়ার আশ্বাসে ৫ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া অভিযোগকারী সাধনা রানী দাশের স্বামী সংকর ও ছেলে সোহাগের (ভিডিপি প্রশিক্ষণ সনদবিহীন) নাম নির্বাচন ডিউটিতে অন্তর্ভুক্ত করার জন্য আরও ৩ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়।

সাধনা রানী দাশ আরও বলেন, তিনি ৬০ জনের একটি তালিকা জমা দেন। তাদের সবাই টাকা দিলেও শেষ পর্যন্ত মাত্র ৩৮ জনকে ডিউটি দেওয়া হয়েছে। বাকিরা টাকা ফেরত চাইছে। টাকা ফেরত দিতে না পারায় তারা তার বাড়িঘর ভাঙচুরের হুমকিও দিচ্ছে। এ বিষয়ে মমতাজ পারভীনের সঙ্গে কথা বলতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, অভিযোগ করার পরও এখন পর্যন্ত কোনো নোটিশ পাননি এবং বিষয়টি মীমাংসার উদ্যোগও নেওয়া হয়নি। বরং মমতাজ পারভীন তার পক্ষে তদন্ত রিপোর্ট হয়েছে বলে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ পারভীনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। বিষয়টি নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

এ বিষয়ে নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, “উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। জেলা সদরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।