দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে। উপজেলার গড়াই নদীর ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় চার শিশু নিখোঁজ হলে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮), সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮), তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) এবং অপর সোহেলের মেয়ে সামিয়া (৯) নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে তারা নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা ২ জনকে জীবিত উদ্ধার করলেও ২ জন শিশু নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শিশুরা ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন। জীবিত উদ্ধার হয়েছে, তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন এবং সোহেলের মেয়ে সামিয়া।
এ বিষয়ে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানান, খুলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাতে তারা এসে পৌছাবে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।

