বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এতে উপস্থিত নারীরা রমজান মাসে রোজা রেখে তীব্র রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যেই অপেক্ষা করতে থাকেন। পরে জেলা প্রশাসক উপস্থিত হলে সকাল ১০টার দিকে র্যালি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকার জন্য বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির নাম ঘোষণা করা হলেও তাকে আগে থেকে এ বিষয়ে জানানো হয়নি বলে জানা যায়। এছাড়া আলোচনা সভাস্থলে গণমাধ্যমকর্মীদের বসার জন্য কোনো নির্ধারিত স্থানও রাখা হয়নি।
র্যালি ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের প্রভাব বিস্তার করতে দেখা যায় বলেও অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক সাহেলা পারভীনসহ অন্যান্যরা।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক সাহেলা পারভীন বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হয়েছে, তবে বড় ধরনের কোনো অব্যবস্থাপনা হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান।” এরপর তিনি ফোন কেটে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.