যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে একটি ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে ইনস্টিটিউটের সামনে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনগণের সহযোগিতায় কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

