নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্যোগে আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন প্রকার কৃষি বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত ৩০০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মাঝে ৫ প্রকারের কৃষি বীজ বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী, এ. হান্নান আল আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এপি ম্যানেজার সাগর জন কস্তা বলেন, ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের উপকারভোগীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

