হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোলের সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জানা গেছে, দৈনিক সকালের সময় পত্রিকার শার্শা প্রতিনিধি সুমন হোসাইন দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকায় পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। স্থানীয় বিভিন্ন অপরাধ, অনিয়ম, চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
এরই জেরে তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। গত ৫ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা জিডি নম্বর–৪৬৭-এ বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ কামাল হোসেন তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক সুমন হোসাইনের মোবাইলে হুমকিমূলক বার্তা পাঠান। পাশাপাশি অপর একটি নম্বর থেকে ফোন করে যশোর শহরে তার অবস্থান এবং তার সন্তানরা কোথায় পড়াশোনা করে—সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক সুমন হোসাইন জানান, প্রাণনাশের আশঙ্কায় তিনি ইতোমধ্যে বেনাপোল ছেড়ে স্বপরিবারে যশোর শহরে অবস্থান করছেন। তবে বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন, একটি সংঘবদ্ধ কিলার গ্রুপ তাকে অনুসরণ করছে। যে কোনো সময় তাকে হত্যা কিংবা তার সন্তানদের অপহরণের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিভিন্ন অপকর্ম নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই তারা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে।
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুমন হোসাইন যশোরের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.