ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ভাঙ্গায় দিন দিন মাদকের বিস্তার বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা উপজেলার গুরুত্ব বাড়লেও সেই সুযোগে কিছু অসাধু চক্র এখানে মাদক ব্যবসা বিস্তার করছে।
ভাঙ্গা উপজেলা উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম কেন্দ্র। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই উপজেলার মহাসড়কগুলো ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র ভাঙ্গাকে মাদক সরবরাহের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের উপদ্রব বাড়ছে। আগে কিছু ব্যক্তি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নাম ব্যবহার করে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করতো বলে অভিযোগ ছিল, বর্তমানে আবার অন্য রাজনৈতিক দলের নাম ব্যবহার করেও কেউ কেউ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে তারা দাবি করেন। ফলে এলাকাবাসী ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও জানান তারা।
ঘাড়ুয়া, মালিগ্রাম ও আগলীর ইউনিয়নের কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, নির্বাচন পরবর্তী সময়ে কিছু মাদক ব্যবসায়ী আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হলেও অনেক সময় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
এদিকে ফরিদপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারপরও কিছু চক্র নানা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের দাবি।
অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার সঙ্গে কিছু মাদক ব্যবসায়ীর গোপন যোগাযোগ রয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিল্লাল বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
স্থানীয়রা ভাঙ্গা উপজেলায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

