ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে ফরিদপুর সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কোনো প্রকৌশলীকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
জানা যায়, কার্যালয়ের নিচতলায় ২ নম্বর সাবডিভিশন অফিস এবং উপরের তলায় নির্বাহী প্রকৌশলীর দপ্তর অবস্থিত। তবে নির্ধারিত সময়ে অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই পাওয়া যায়নি। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ ছিল এবং একটি কক্ষ খোলা থাকলেও সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না।
অভিযোগ রয়েছে, (এসও) জাহাঙ্গীর আলম, (এসও) রফিকুল ইসলাম এবং সাবডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সফিকুর রহমানকে সেদিন অফিসে পাওয়া যায়নি। তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল আলীম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা হয়তো বিভিন্ন সাইট পরিদর্শনে গেছেন।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজন হলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না। দীর্ঘদিন ধরেই এমন অব্যবস্থাপনা চলছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.