আলীকদম(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী উপজেলা আলীকদমে অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ১৩ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা এবং ৪ জন অনাথ শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এসব অনুদান প্রদান করেন। অনুষ্ঠানটিতে সুবেদার মেজরসহ অন্যান্য পদমর্যাদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাটালিয়ন।
এছাড়াও “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যাটালিয়ন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

