মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও লুটপাট চালায়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
হামলাকারীরা এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.