জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ইত্তেখারের বিরুদ্ধে মারধর ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্ষেতলাল উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাত্রসংগঠন ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবির ইত্তেখারের বিরুদ্ধে মারধর ও টাকা নেওয়ার অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসান ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আবির ইত্তেখারের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে এবং স্বশরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ভুক্তভোগী লিটন মোল্লা অভিযোগ করে বলেন, তিনি প্রবাসে থাকা অবস্থায় কুষ্টিয়ার এক নারীর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার আগে আবির ইত্তেখার তাকে বাসা থেকে তুলে নিয়ে ক্ষেতলালের বিভিন্ন স্থানে ঘোরান এবং হুমকি-ধমকি দেন। পরে ওই নারী, সাংবাদিক শাহিন মিলনসহ আরও কয়েকজন তাকে বিলের ঘাট এলাকায় নিয়ে গিয়ে মারধর করেন। এরপর ডাবলু কাজির বাড়িতে নিয়ে অস্ত্রের মুখে তাকে মারধর করে ৫ লাখ টাকা কাবিনে জোরপূর্বক বিয়ে করানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও এক লাখ টাকা না দিলে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা আবির ইত্তেখার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভুল বোঝাবুঝির কারণে লিটন মোল্লা এ ধরনের অভিযোগ করেছেন। তিনি নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.