সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা কারামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এম এ সালামের সার্বিক তত্ত্বাবধানে বাগেরহাট পৌরসভাসহ সদর ও কচুয়া উপজেলার মোট ১৭টি ইউনিয়নের ১৯টি স্থানে ধারাবাহিকভাবে ১০ হাজারেরও বেশি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
বিতরণ কার্যক্রমের প্রথম দিনেই বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধাবঞ্চিত মানুষ উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

