আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ভিজিএফ (VGF) কার্ডের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগে ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ভাগাভাগি করার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ জানান, আসন্ন ঈদ উপলক্ষে আলফাডাঙ্গা পৌরসভায় মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এ জন্য সরকার থেকে মোট ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি। পৌরসভার এক বৃদ্ধা উপকারভোগী বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক বড় সহায়তা। এতে অন্তত ঈদের সময় পরিবারের খাবারের চিন্তা কিছুটা কমবে।”
আরেকজন উপকারভোগী বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সংসার চালানো কঠিন হয়ে গেছে। সরকারের দেওয়া এই চাল পেয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি। এতে ঈদের আনন্দটা পরিবার নিয়ে কিছুটা হলেও উপভোগ করতে পারব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। ভিজিএফ কর্মসূচির মাধ্যমে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.