ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আমিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুঠিরহাট বণিক সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন অভিযোগে হয়রানির শিকার কয়েকজন ভুক্তভোগীও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়ম ও টাকা আদায়, জন্মনিবন্ধন করতে অতিরিক্ত অর্থ নেওয়া, ভিজিএফ ও ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় এবং সেবা প্রার্থীদের সঙ্গে অসদাচরণের মতো বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন উদ্যোক্তা আমিরুল ইসলাম সুমন। তারা বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে তিনি ইউনিয়ন পরিষদে একক আধিপত্য কায়েম করেছেন।
বক্তারা আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে উদ্যোক্তা হিসেবে নিয়োগ পাওয়া সুমন প্রতারণার একটি মামলায় কারাভোগও করেছেন। তার অনিয়ম ও দুর্নীতির কারণে চরমজলিশপুর ইউনিয়নের সেবা প্রত্যাশী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
তাদের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ অর্জন করে তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ ও জমি ক্রয় করেছেন। ইউনিয়ন পরিষদে একটি সিন্ডিকেট গড়ে তুলে তিনি পরিষদের পরিবেশ নষ্ট করেছেন বলেও অভিযোগ তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত উদ্যোক্তার অপসারণ করা না হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উপজেলা যুবদলের সদস্য নুর ফরিদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার ওয়াহেদ উদ্দিন ফরিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি আবুল কাসেম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বেলাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.