যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত দুইটার দিকে কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার জন্য পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নজরুল বলেন, তার শোরুমে ১০ থেকে ১৫ লাখ টাকার ফার্নিচার ছিল, যা আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চায়ের দোকানদার মো. বাদল জানান, তার দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, কাঠপট্টি এলাকায় অন্তত ১২টি দোকান আগুনে পুড়ে গেছে।
পুড়ে যাওয়া দোকানগুলোতে সেগুনসহ বিভিন্ন ধরনের সাইজ করা কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

