জয়পুরহাট প্রতিনিধি
সকালে হঠাৎ হওয়া বৃষ্টিতে জয়পুরহাটের কালাই উপজেলার অধিকাংশ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আলু উত্তোলনের শেষ পর্যায়ে থাকা ক্ষেতগুলোতে পানি জমে কৃষকেরা বিপাকে পড়েছেন। কিছু জায়গায় পানি পারাপারের পথ বন্ধ থাকায় উপরের পানি নিচে এসে আলু, গমসহ অন্যান্য ফসলের ক্ষেত তলিয়ে গেছে বলে অভিযোগ চাষীদের।
সরাসরি সরেজমিনে গেলে দেখা গেছে, আঁওড়া, হাতিয়র, তালোড়াবাইগুনি, কালিমহুর, ঝামুটপুর, বানিহারা সহ বিভিন্ন মাঠ পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে শ্যালোমেশিন বসিয়ে জমে থাকা পানি সেচ দিচ্ছেন।
আঁওড়া গ্রামের লাবু মিয়া বলেন, “দুই বিঘা আলু জমিতে রেখে হিমাগারে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু সকালে হঠাৎ বৃষ্টি হয়ে সব আলু পানিতে তলে গেছে। যতই পানি সরানো হোক না কেন, এখন এগুলো পচে যাবে।”
হাতিয়র গ্রামের মাসুদ রানা বলেন, “কিস্তি তুলে আলু লাগিয়েছিলাম। বাজারে দাম কম, তলিয়ে যাওয়ায় লোকসান হবে। পানি পার হচ্ছে না, সব আলু ডুবে গেছে।”
আরেক কৃষক আরিফুল ইসলাম বলেন, “গত বছর লোকসান পুষে নিতে এবারও আলুর আবাদ করেছি। হঠাৎ বৃষ্টিতে সব তলিয়ে গেছে, পরিকল্পনা অনুযায়ী আলু উঠানো সম্ভব হয়নি।”
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, “পুরো উপজেলার বিভিন্ন মাঠে ফসল তলিয়ে যাওয়া হয়েছে। তবে পরিমাণ খুব বেশি নয়। দ্রুত পানি নিস্কাশন হলেই তেমন ক্ষতি হবে না।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.