রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
তেরখাদা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরিব, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১০ হাজার ৭০টি পরিবার এই সহায়তার আওতায় আসছে। প্রতিটি পরিবার ঈদের আগেই ১০ কেজি করে চাল পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১০০.৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার জানান, “দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে এই বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপকারভোগীদের তালিকা প্রস্তুত করছেন এবং উপজেলা কমিটির তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, “ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। আমরা নিশ্চিত করব, প্রত্যেক কার্ডধারী পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, খাদ্যসংকটে থাকা মানুষ, দিনমজুর, গৃহহারা ও অসচ্ছল প্রতিবন্ধীরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবেন।
খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকার বলেন, “ভিজিএফ কর্মসূচির মাধ্যমে আমরা চাই, ঈদে প্রত্যেক দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটুক। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে যাতে কোনো অনিয়ম না ঘটে এবং সকল সুবিধাভোগী নির্ধারিত পরিমাণে চাল পায়।
ইউনিয়নভিত্তিক বরাদ্দ অনুযায়ী আজগড়া ইউনিয়নে ১ হাজার ৩০৫ জনের জন্য ১৩.০৫০ মেট্রিক টন, বারাসাত ইউনিয়নে ১ হাজার ৯০২ জনের জন্য ১৯.০২০ মেট্রিক টন, ছাগলাদাহ ইউনিয়নে ১ হাজার ৮০৯ জনের জন্য ১৮.০৯০ মেট্রিক টন, সাচিয়াদাহ ইউনিয়নে ১ হাজার ৪৬৩ জনের জন্য ১৪.৬৩০ মেট্রিক টন, তেরখাদা ইউনিয়নে ১ হাজার ৮০৬ জনের জন্য ১৮.০৬০ মেট্রিক টন এবং মধুপুর ইউনিয়নে ১ হাজার ৭৮৫ জনের জন্য ১৭.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারি এই উদ্যোগে দরিদ্র পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবে। জেলা প্রশাসনও জানিয়েছে, ঈদের আগেই উপজেলার সব ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.