পঞ্চগড় প্রতিনিধি
রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিভিন্ন মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান, আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সরেজমিনে পঞ্চগড়ের বেশ কয়েকটি ছোট-বড় মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা যায়, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছিট কাপড়, জুতা-স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
পোশাকের দোকানগুলোতে ঈদ উপলক্ষে পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি, টি-শার্ট এবং নারীদের জন্য বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, ওয়ান-পিস ও কুর্তা বিক্রি হচ্ছে। এছাড়া শিশুদের জন্য পায়জামা-পাঞ্জাবি, ফ্রকসহ আধুনিক ডিজাইনের নানা পোশাকও বিক্রি হচ্ছে।
এদিকে কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং গহনার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরগুলোতে রোজার সময় বিকেল কিংবা সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে কেনাকাটার ভিড় দেখা গেলেও এ বছর দুপুরের আগ থেকেই মানুষজন কেনাকাটার জন্য মার্কেট ও ফুটপাতে ভিড় করছেন। ফলে আগেভাগেই ঈদের বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ক্রেতারা জানিয়েছেন, দাম কিছুটা বাড়লেও এবার কেনাকাটায় তারা কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.