গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম করার ঘটনায় পুলিশের অভিযান রহস্য উদঘাটন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৭টার সময় শ্রীপুর থানাধীন টেংরা সাকিনস্থ বৃন্দাবন মোড় সংলগ্ন শিশুপল্লীর কাছে আগুনে পুড়িয়ে গলায় কাপড় পেঁচানো এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহের হাতের আঙ্গুল পুড়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমরান হাসান (২৪), মোঃ টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), মোঃ কামাল হোসেন (৩২), রুহানুল ইসলাম রুহান (২৩) ও মোঃ আকবর (২৯) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ইমরান হাসান জানায়, নিহতের নাম মোঃ আতিকুর রহমান (২৩), তিনি নান্দাইল, ময়মনসিংহের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, নাজমুলের পরিচালিত একটি সমিতি থেকে আতিকুর রহমান তার পরিবারের নামসহ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধ না করায় আতিকুর ও তার পরিবার গা ঢাকা দেয়। এরপর আসামীরা তাকে ধরে এনে শ্রীপুরের মুলাইদ গ্রামে আটক রাখে এবং ২৭ ফেব্রুয়ারি রাত থেকে ২৮ ফেব্রুয়ারি ভোরের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কাঁঠালপাতা ভর্তি বস্তায় ভরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
গ্রেফতার আসামীরা আদালতে সোপর্দ করা হলে ইমরান হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
শ্রীপুর থানার পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের তৎপরতায় হত্যার রহস্য উদঘাটন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

