নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পরে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের পোশাক এবং একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার যুবকের নাম মাইদুল ইসলাম মামুন (২১)। তিনি রংপুরের কাউনিয়া থানার উদয়নরায়ণ মাছহাড়ী এলাকার আজিজার রহমানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর ভোগড়া উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ভোগড়া এলাকার মুদি দোকানদার জহিরুল ইসলামের কাছ থেকে পুলিশ পরিচয়ে একাধিকবার বাকিতে প্রায় ছয় হাজার টাকার পণ্য নেন মাইদুল ইসলাম। বকেয়া টাকা পরিশোধ না করে তিনি পুনরায় পণ্য নিতে গেলে দোকানদারের সন্দেহ হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে পুলিশ সদস্য নন।
এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় দোকানদার জহিরুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাইদুল ইসলামের বিরুদ্ধে চুরি ও প্রতারণাসহ বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

