রুহুল আমিন, যশোর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পুলিশের শতাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাতের নিরাপত্তায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। শহরে চারটি মোটরসাইকেল টিম, ১৪টি ফুট পেট্রোল এবং একাধিক মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া প্রতিটি উপজেলায় রয়েছে দুটি করে মোবাইল টিমের পাশাপাশি মোটরসাইকেল ও ফুট পেট্রোল টিম। সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের দড়াটানা, বড়বাজার, নিউ মার্কেট, মণিহার, চৌরাস্তা, চাঁচড়া চেকপোস্ট, রেলজংশন ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবছর পুলিশের উপস্থিতি বেশি এবং অপরাধের ঘটনাও কম। বারান্দীপাড়ার বাসিন্দা ওমর ফারুক জানান, “ঈদের সময় সাধারণত চুরি-ছিনতাই বাড়ে, তবে এবার এখনো বড় কোনো ঘটনা ঘটেনি।” বেজপাড়ার মনিরুল ইসলামও বলেন, “বর্তমানে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, রমজানের শুরু থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, “ঈদবাজারকেন্দ্রিক অপরাধ যেমন চাঁদাবাজি, ছিনতাই ও অজ্ঞানপার্টি প্রতিরোধে পুলিশের বিশেষ টিম কাজ করছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও জানান, ২০ রমজানের পর থেকে দ্বিতীয় ধাপের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে, যা মূলত ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে পুলিশি সহায়তাও দেওয়া হবে।
ঈদের ছুটিতে চুরি-ডাকাতির ঝুঁকি বিবেচনায় শহরের প্রবেশপথগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পাড়া-মহল্লায় সাদা পোশাকের পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে। বড় অঙ্কের টাকা বহনকারী ব্যবসায়ীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।
যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে যোগাযোগ করার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.