যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ মার্চ) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হাফিজুরের পোল্ট্রি ও মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার এবং শেখ ফার্মেসি নামের ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। মেসার্স হুজাইফা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যারের মালিক রাকিব হোসেন বলেন, প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শেখ ফার্মেসির মালিক মোহাম্মদ সুজা জানান, দোকানের অর্ধেকের বেশি ওষুধ পুড়ে গেছে এবং পানির কারণে বাকি ওষুধের অবস্থাও অনিশ্চিত। তার ক্ষতি প্রায় ২০ লাখ টাকা।
হাফিজুর পোল্ট্রি ও মুদি দোকানের মালিক হাফিজুর রহমান বলেন, “ঈদ উপলক্ষে লাখ টাকার মুরগি ও প্রায় তিন লাখ টাকার মুদি পণ্য কিনেছিলাম। সবই পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে কীভাবে ঈদ করব বুঝতে পারছি না।”
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা কামনা করেছেন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, “আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

