Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক-এগারো’র ‘খলনায়ক’ মাসুদ গ্রেপ্তার: সোনাগাজীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ফেনী প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ওয়ান-ইলেভেনের (১/১১) ‘খলনায়ক’ হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় ফেনীর সোনাগাজীতে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফাঁসির দাবিতে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। এদিকে সর্বস্তরের জনগণের উদ্যোগে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে স্থানীয় জনতার উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, যুবদল নেতা হাবিব উল্যাহ, এনামুল হক শাহীন, সারোয়ার হোসেন ও নুর করিম সুমন প্রমুখ।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ঘটনাপ্রবাহ ‘ওয়ান-ইলেভেন’ নামে পরিচিত। সে সময় কথিত দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনায় গঠিত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। অভিযোগ রয়েছে, তার তত্ত্বাবধানে যৌথ বাহিনী দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং নানা অনিয়মে জড়িত ছিল।

পরবর্তীতে সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তার গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।