মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পৃথক অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর ও পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে খোকন (৩২) এবং মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আবুল বাসারের (ভাসান) ছেলে আব্দুল সালাম (৩৫)।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচাতো ভাই মান্নান মাদবরের ছেলে শিশু নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের হলে ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ঢাকার একটি আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ২০১৪ সালে একটি ব্যাংক চেক ডিজঅনার মামলায় আব্দুল সালাম পাঁচ লাখ টাকা ধার নিয়ে তা পরিশোধ না করায় যশোর আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেহালপুর পুলিশ ফাঁড়ির এএসআই শাহাজান বিশ্বাস দত্তকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.