মনিরামপুর (যশোর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও যশোরের মনিরামপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। মানবিক দিক বিবেচনা করে বিশেষ ব্যবস্থাপনায় এই সেবা অব্যাহত রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
উপজেলার খানপুর, নেহালপুর, মনিরামপুর সদর, কাশিমনগর, কুলটিয়া, হরিদাসকাটি, ভোজগাতী ও ঢাকুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি সেবা প্রদান করা হয়। এছাড়া নেহালপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা ডেলিভারি সেবা চালু রাখা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা অঞ্জনা রানী কুন্ডু জানান, ঈদের ছুটির সময়েও স্থানীয় উদ্যোগে সেবাকেন্দ্র খোলা রাখা হয়েছে। এ সময়ে ১৩৯ জন সাধারণ রোগী, ১৭ জন গর্ভবতী মা, ৩ জন প্রসব-পরবর্তী মা, ১২ জন কিশোর-কিশোরী এবং ৪৩ জন শিশুকে বিভিন্ন সেবা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা কার্যক্রমের অংশ হিসেবে ১ জনকে ইনজেকশন, ৪ জনকে খাবার বড়ি এবং ১ জনকে আইইউডি সরবরাহ করা হয়েছে।
ডা. সুদীপ্ত সেন বলেন, “উৎসবের সময়েও জরুরি সেবা চালু রাখার এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

