জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় এক পথচারীকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দেওগ্রাম জালায়গাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দেওগ্রাম এলাকার বাসিন্দা মোসারফ হোসেন সাবু ওই এলাকায় মাদকের ক্রয়-বিক্রয় চলতে দেখে প্রতিবাদ করেন এবং মাদক ব্যবসায়ীদের এলাকায় মাদক বিক্রি না করার জন্য নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে পাঁচগ্রাম গ্রামের ধলু মল্লার ছেলে দেলোয়ার ও একই গ্রামের আনসারের ছেলে সানোয়ার বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা সাবুকে ধরে রেখে পেছন থেকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাবুকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

