ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মোল্লা (৫৭) একই গ্রামের ইছাহাক মাস্টারের ছেলে। অভিযুক্ত বড় ভাই অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবির (৭২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে গোলাম কবির মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মোল্লার মৃত্যু হয়।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.