জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদরে হাওয়াই রোডে ঈদমেলায় ঘুরতে এসে এক দম্পতিকে বখাটেদের হেনস্তা এবং শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চরবওলা গ্রামের শ্রী শিবালু চন্দ্র দাসের ছেলে অনন্ত বাবু দাস (২৯) ও তার স্ত্রী নিশি রানী দাস (২৫) সোমবার রাত ৮ টা থেকে সাড়ে আটটার মধ্যে মোটরসাইকেলে হাওয়াই রোড সংলগ্ন পূর্বপাশে ফুটবল খেলার মাঠে ঘুরতে যায়।
এ সময় কয়েকজন বখাটে ঐ দম্পতিকে সন্দেহজনক জিজ্ঞাসাবাদ, অশালীন গালমন্দ করে এবং একপর্যায়ে তাদেরকে মোবাইলে ভিডিও করে। এ নিয়ে বখাটে এবং দম্পতিদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ১৭-১৮ জন কিশোর একত্রিত হয়ে তাদের মানিব্যাগ, মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। বখাটেরা অনন্ত বাবু দাসকে হেনস্তা করে।
তার স্ত্রী নিশি রানী দাসকে অশ্লিলতা হানি করে । পরে দম্পতিদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে এলে বখাটেরা মানিব্যাগ, মোবাইল, মোটরসাইকেলের চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার এ ব্যাপারে অনন্ত বাবু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উপজেলায় হাওয়াই রোড সংলগ্ন লিজুর মোড় থেকে তিনজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, সামি, সাঈফ ও জাহিদ।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, কোনো গ্যাং কিংবা কোনো মানুষের প্রতি অন্যায় অত্যাচার বরদাস্ত করবো না। দম্পতিকে যারা হেনস্তা করেছে তাদের পরিচয় শনাক্ত করে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের সনাক্ত এবং আটক করার চেষ্ট অব্যাহত আছে ।

