ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল ও রোপা আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারণ) আক্তারুজ্জামান এবং উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

