ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাঈন উদ্দিন সুজন নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামার থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাঈন উদ্দিন সুজন মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন ২০২০ সাল থেকে এমদাদুল হক বাহাদুরের কাছ থেকে পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা জাল দিয়ে পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সুজন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

