তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমিতে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, ইমদাদুল হক, সোমা সরকার, স্বরসতি দাশ, দে অঞ্জন কুমার, মহাদেব দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর নিরাপদ অবস্থান নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

