যশোর প্রতিনিধি
যশোরে নিজ বাড়িতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যর্থ হয়ে অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তাহীনতায় ওই গৃহবধূ বর্তমানে তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূ তার তিন বছরের সন্তানসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তিনি গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করেন বলে অভিযোগ।
গৃহবধূর বাবা জানান, ঘটনার পর জামাতাকে বিষয়টি জানানো হলে তিনি প্রথমে তার বাবার বিচার দাবি করেন। তবে পরে বাড়িতে গিয়ে অবস্থান পরিবর্তন করেন। বর্তমানে শ্বশুর ও জামাতা উভয়েই মিলে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার দাবিতে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করার পর থেকে অভিযুক্ত পক্ষ আরও বেপরোয়া আচরণ করছে বলেও দাবি তাদের।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, “ঘটনাটি স্পর্শকাতর। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

