জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে কালাই বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কালাই পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতায় অংশ নেয়।
পরে একই মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের সিএ এস এম শওগতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনসুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

