পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পুলিশ প্রশাসন, উপজেলার মুক্তিযোদ্ধা, বিএনপি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা সদর সরকারি বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়।
বিকালে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খাঁন। সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলার সাংবাদিকরা একত্রিত হয়ে দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.