মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কম্পাউন্ডে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে মোল্লাহাট থানা, মোল্লাহাট হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
সকাল ৮টায় কে.আর. কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং কুচকাওয়াজসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।

