হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন, সভাপতির বক্তব্য, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কুচকাওয়াজে মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, আর স্বাধীনতার অভ্যুদয় থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে চারটি প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে।
উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার তাৎপর্য ও মুক্তিযুদ্ধের গৌরব স্মরণ করা হয়েছে।

