চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬:০৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এবং চারঘাট মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম। এরপর পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউটস, রোভার স্কাউটস ও গার্লস গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা।
সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবস উদযাপন শেষ হয়। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাতুল করিম মিজানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

