মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে স্মৃতি, আবেগ ও বন্ধুত্বে ভরা প্রীতি ম্যাচে আবার একত্রিত হলেন সোনালি সময়ের তারকা খেলোয়াড়রা। বুধবার (২৫ মার্চ) বিকেলে বিরামপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় লিজেন্ড খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় বিরামপুর লিজেন্ড একাদশ ও সোটাপীর লিজেন্ড একাদশ।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ছিলেন। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ ও প্রতিটি দৌড়ে ফুটে উঠেছিল পুরনো দিনের তেজ ও লড়াইয়ের মানসিকতা। বয়স বাড়লেও ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি—এমন দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে।
গোলের একাধিক সুযোগ তৈরি হলেও দুই দলের রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকদের দক্ষতায় ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। স্কোরলাইন যা-ই বলুক, খেলোয়াড়দের পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে ম্যাচটি ছিল স্মরণীয়।
এই আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করেন দুই দলের সংগঠকসহ জাকারিয়া আলম রানা, মোঃ আবু হোসেন, মোঃ আলী হোসেন, এ. এস. এম কাদিরুজ্জামান প্রিন্স, রফিকুল ইসলাম (রফিক), মোঃ রবিউল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম, আবুল কালাম আজাদ (হিটলার) ও মোঃ গোলাম মোস্তফা।
খেলা শেষে খেলোয়াড়রা একত্রে আনন্দ ভাগাভাগি করেন, স্মৃতিচারণে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। এই আয়োজন শুধু একটি খেলা নয়—এটি প্রজন্মের জন্য অনুপ্রেরণা, অতীত ও বর্তমানের মিলনের এক সেতুবন্ধন।

