মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট খান টিপু সুলতানের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা মাঝে মধ্যে বাড়িতে আসলেও স্থায়ীভাবে কেউ বসবাস করতেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেউ নিয়মিত বাড়িতে থাকতেন না। তবে, বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চলমান ছিল। শুক্রবার সকালে পরিচ্ছন্নতার জন্য গেলে কর্মীরা ঘরের ভেতরে চুরির ঘটনা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে প্রয়াত টিপু সুলতানের ভাই তপু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং গণমাধ্যমকর্মী ও পুলিশকে অবহিত করেন।
চোরেরা বাসভবনের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর মেইন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে সুইচবোর্ড ভেঙে ফেলে এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি এসি, ৩৫টি বৈদ্যুতিক ফ্যানসহ অন্যান্য ব্যবহৃত মূল্যবান সামগ্রী।
প্রয়াত এমপির বড় ছেলে হুমায়ুন সুলতান সা’দাব জানান, ৫ আগস্টের পর তাদের বাড়িতে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিয়মিত বাড়ি পরিষ্কার করা হতো এবং রমজানের আগেও পরিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, রমজানের মধ্যেই চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.