নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন কৃষক। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে ঘটনা ঘটেছে।
নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তবে আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। কালবৈশাখীর এই পূর্বাভাসে ভোরেই ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ৫ জনই আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকী ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

