বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল বিক্রি না করায় এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে যানবাহন চালকরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার দুপুরে শহরের পিটিআই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল থেকে জুই এন্টারপ্রাইজ নামের তেলের ডিলার পয়েন্টের সামনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে তেলের অপেক্ষায় ছিলেন চালকরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দোকানটি পরিদর্শন করেন।
পরিদর্শনে দোকানের খাতাপত্রে তেল না থাকার তথ্য দেখানো হলেও ভেতরে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে প্রশাসনের নির্দেশে তেল বিক্রি শুরু হলে চালকরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, “দোকান বন্ধ রেখে তেল বিক্রি না করায় চালকরা বিক্ষোভ করছিলেন। ঘটনাস্থলে এসে তদন্তে মজুদ তেল পাওয়া যায়। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং দ্রুত তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.