যশোর প্রতিনিধি
যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক পরিদর্শনের পর একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার পর শহরের ঢাকা রোডের তালতলা এলাকায় অবস্থিত ‘মেসার্স মনির উদ্দিন আহম্মদ’ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে একই দিন রাত ৮টার দিকে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে ‘মনির উদ্দিন’ ও ‘যাত্রীক ফিলিং স্টেশন’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জ্বালানি তেল আমদানি ও বিক্রির রশিদপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেন। এ সময় তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপরই তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতের টিম রাতেই অভিযান পরিচালনা করে। এতে সহায়তা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে মজুতকৃত বিদেশি লুব্রিকেন্টে আমদানিকারকের সিল নেই এবং পণ্যের সঠিক মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রতিমন্ত্রীর সরাসরি তদারকি এবং তার পরপরই প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.