চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে ফুসলিয়ে বেড়াতে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের নজরুলের ছেলে মিজান (৩৪), আছির উদ্দিনের ছেলে সামাদ আলী (২৫), এনামুল হকের ছেলে আদম আলী (৩৪), তাহাজ্জেল বিশ্বাসের ছেলে শাহজাহান (৪৫), দুলালের ছেলে আব্দুস সালাম (২৬) এবং চুয়াডাঙ্গা সদর পৌর এলাকার সাতগাড়ী মহল্লার ফয়সালের স্ত্রী কবিতা (৩০)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে কবিতা কৌশলে গত ২৫ মার্চ দিনে ওই গৃহবধূকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। পরে ইজিবাইকে করে তাকে চুয়াডাঙ্গা বড়বাজার হয়ে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর এলাকার বেলেদাড়ী মাঠে নিয়ে যাওয়া হয়।
সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্য আসামীরা যোগ দেয় এবং দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করে একটি আমবাগানে নিয়ে যায়। রাতে সেখানে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে চাপ দেওয়া হয় এবং পরে তাকে শহরে নামিয়ে দেওয়া হয়।
বাসায় ফিরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বামীর কাছে ঘটনাটি জানালে তিনি বিষয়টি অবগত হন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.