সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ কামরুন্নাহার তামান্না সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
গত ২৪ মার্চ ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পদোন্নতির ফলে তিনি জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন। একইসঙ্গে তাঁকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।
৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামরুন্নাহার তামান্না ২০২৪ সালের ৪ জুলাই বাবুগঞ্জে যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দায়িত্বকালীন সময়ে ভূমি উন্নয়ন কার্যক্রম, নামজারি, খাজনা আদায়, খারিজসহ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়।
এছাড়া, মাটি ব্যবস্থাপনা আইনে বেদখল জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যক্রম এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর এই পদোন্নতিকে বাবুগঞ্জের প্রশাসনিক মহলসহ স্থানীয়দের কাছে একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.